আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার


BANGLAR NARAYANGANJ | Banglar Narayanganj প্রকাশিত: Nov 3, 2026 আড়াইহাজারের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেপ্তার
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (এপিএস) মোহাম্মদ ওয়ালীউল্লাহকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকার আগারগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এবং আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে পুলিশ এ অভিযান চলে।

মেহেদী ইসলাম জানান, ওয়ালীউল্লাহকে গ্রেপ্তারের জন্য বেশ কয়েক দিন ধরে চেষ্টা চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আগারগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার ওয়ালীউল্লাহর বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার শিবপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. আব্দুল্লাহ।

মেহেদী ইসলাম আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।